নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার খুদেবার্তায় র্যাব বলেছে, ভোর থেকে ওই হোটেলটিতে অভিযান শুরু হয়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। একপর্যায়ে তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত তিন পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।
