পরপর দুই দিনে দুটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের পর এবার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকে ইংল্যান্ডের বিপক্ষে পাবে না দলটি। ব্যক্তিগত কারণে দেশে ফেরা মার্শের বিষয়টি আরও জটিল। তিনি কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন তার কোনো নিশ্চয়তা নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্শের ভারত থেকে অস্ট্রেলিয়াতে উড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, ‘তার ফেরার সময়সীমা এখনও নিশ্চিত করা হয়নি।’ তার মানে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্বকাপের বাইরে থাকবেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।
গতকাল (বুধবার) অস্ট্রেলিয়া পায় তাদের আরেক তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েলের চোট পাওয়ার খবর। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় সোমবার পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেদিনই গলফ খেলতে গিয়ে ম্যাক্সওয়েল মাথায় আঘাত পান। তাকে ছয় থেকে আট দিন পর্যন্ত কনকাশন প্রটোকল অনুসারে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চোটের কারণে আগামী শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। সেদিন মার্শকেও পাবে না অজিরা।
শুধু তাই নয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিশ্বকাপের বাকি অংশেও মার্শকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই তাকে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ছেঁটে অন্য কাউকে নেওয়া হবে কিনা সামনের দিনগুলোতে সেই সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
ম্যাক্সওয়েল ও মার্শ না থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের বিপক্ষে অজিদের একাদশে মার্কাস স্টয়নিসের ফেরার সম্ভাবনা জোরালো। ফিরতে পারেন ক্যামেরন গ্রিনও। তারা দুজনেই পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় ম্যাক্সওয়েলের শূন্যস্থান পূরণে স্পিন বোলিংয়ে বাড়তি ভূমিকায় দেখা যেতে পারে ট্রাভিস হেডকে।
