ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাকে খুনের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত ও জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার জনৈক মোজাহার শেখের মেজ ছেলে আক্কাস শেখ (৩০) মাদক সেবন করে বিভিন্ন সময় তার মা আমেনা বেগম (৫০) কে মারপিট করত। ২০১৮ সালের ৬ ফেব্রয়ারি বেলা ১১টার দিকে আক্কাস শেখ তার মা আমেনা বেগমকে নেশার টাকার জন্য চাপ দেয়। আমেনা বেগম টাকা দিতে অস্বীকার করে। একপর্যায়ে নেশার টাকা না পেয়ে মা আমেনা বেগমকে ধারাল দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আহত অবস্থায় আমেনা বেগমকে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এ ঘটনায় নিহতের স্বামী মোজাহার শেখ বাদী হয়ে ৮ ফেব্রয়ারি ছেলে আক্কাস শেখের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ছেলে আক্কাস শেখকে দায়ী করে আদালতে চূড়ান্ত চার্জসিট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষ এ রায় প্রদান করা হয়।
