আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এতে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে কমিশন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২।
নির্বাচন কমিশনের এনআইডি শাখার মহাপরিচালক একেএম হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এটিই নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা। এর বাইরে নির্বাচন কমিশন যদি আর কাউকে অনুমোদন দেয় তাহলে তার নামও ভোটার তালিকায় যুক্ত হবে।
