আড়াইহাজার থানায় এক পুলিশ কনস্টবলের শর্টগানের গুলিতে আরেক কনস্টবল আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আড়াইহাজার থানার ভিতরে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কনস্টবলের নাম টিপু সুলতান (৫০)।
কনস্টবল টিপু সুলতান ও কনস্টবল বাবুল হোসেন জানান, তারা দুজনেই আড়াইহাজার থানায় কর্মরত। সকালে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। থানার ভিতরেই বাবুল তার নিজের শর্টগান পরিষ্কার করার সময় সেখান থেকে গুলি বের হয়ে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের শরীরের কয়েক জায়গায় গুলি লাগে।
আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে আসা হয়। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, টিপু সুলতানের অবস্থা গুরুতর নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।
