আজ ‘অঘটন’ ঘটাবে কে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

সূচনাটা সুখকর ছিল না আফগানিস্তানের। বাংলাদেশের বিপক্ষে বাজে হার দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপ যাত্রা। তাদের এই পরাজয়কে আবার অনেকেই টুর্নামেন্টের ‘অঘটন’ বলে মনে করেন। পরে হেরেছে তারা ভারতের সঙ্গেও। তবে সংগ্রামই যাদের জীবনের অংশ, তাদের তো ঘুরে দাঁড়ানোর পথ অজানা নয়। আর সেই পথ ধরে যখন এগিয়েছে তখনই ইংল্যান্ডকে পরাজিত করে কক্ষপথে ফিরেছে। তারপর আফগানদের কাছে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাও। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখা রশিদ খানরা আজ মুখোমুখি হচ্ছেন নেদারল্যান্ডসের। প্রতিপক্ষ দলটির গল্পও প্রায় এক।

ডাচদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে। সেদিন বোলাররা বাবর আজমদের ৩০০-এর আগেই বেঁধে ফেলেছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছিল সেদিন। সেই দলটাই নিজেদের দ্বিতীয় ম্যাচে দেখায় চমক। দুর্দান্ত ফর্মে থাকা উড়ন্ত দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেয় যেন তারা। সেই জয়ের আত্মবিশ্বাসে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো সংগ্রহ দাঁড় করিয়েছিল। লড়াইটাও জমিয়ে তুলেছিল তারা। কিন্তু তাদের হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পায় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর তারা যেন ছিটকে গিয়েছিল। কিন্তু সেই ডাচরা আবার জয়ে ফেরে বাংলাদেশকে হারিয়ে। এবার প্রতিপক্ষ আফগানিস্তান।

ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ডাচরা জয় পেয়েছে মাত্র দুবার, ৭ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। তাদের বেশিরভাগ খেলাই হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। আর বিশ্বকাপে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল।

আফগানদের বোলিং আক্রমণ কারোরই অজানা নয়। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। সাম্প্রতিককালে উত্থান হয়েছে তাদের পেসারদেরও। এমন দলের বিপক্ষে খাবি খেয়েছে সাবেক ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে ডাচদের আজকের লড়াইটা কঠিনই।

ডাচদের জন্য লড়াইটা কঠিন হয়েছে টপ অর্ডারদের ফর্মে না থাকা। সবশেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা ঠিকই। তবে সেদিন মিডল অর্ডাররাই হাল ধরেছিলেন। ওপরের সারির ব্যাটসম্যানরা তাই ভাবিয়ে তুলেছেন। সেই প্রসঙ্গটা কাল সংবাদ সম্মেলনেও তুলে ধরা হয়েছে।

দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান। তিনি সে বিষয়টা তুলে ধরে বলেন, ‘হ্যাঁ এটা সত্যি আমাদের টপ অর্ডাররা রান পাচ্ছে না। আমি মনে করি সমস্যা খুঁজে বের করে আলাদাভাবে আমাদের কাজ করতে হবে। আমরা এখনো ব্যাট হাতে নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। তবে আমাদের টপ অর্ডাররা যদি সেট হয়ে যেতে পারে এবং প্রথম তিন-চারজন ব্যাটসম্যান যদি ভালো রান করতে পারে তাহলে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারব। আর আফগানিস্তানের স্পিনাররা টি-টোয়েন্টিতে ভালো, ওয়ানডেতে না।’

অন্যদিকে আফগানিস্তানের কোচ জনাথন ট্রট বলেছেন, ‘স্পিনাররা টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও বেশ ভালো অবস্থান করে নিয়েছে। এখন প্রয়োজন সেটার ধারাবাহিকতা। আমি মনে করি আমাদের স্পিনাররা সব ফরম্যাটেই ভালো বোলিং করে। তবে এটা শুধু প্রতিভার জোরে যে তা কিন্তু নয়, এটা অভিজ্ঞতার কারণে পারে। আমাদের স্পিনাররা খুঁটিনাটি নিয়ে ঘাঁটাঘাঁটি করে। কোন কন্ডিশনে স্পিনারদের কেমন দৈর্ঘ্যে বল করা উচিত সেটা নিয়েও তারা কাজ করে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কালও (আজ) আমরা জয়ের লক্ষ্যে খেলতে নামব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত