অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানতে অভিনেত্রীর এক বন্ধুকে খুঁজছে তদন্ত সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, ‘মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি নামের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল অভিনেত্রী হিমুর। তার সঙ্গে দ্বন্দ্বের জেরে না অন্য কোনো কারণে হিমুর মৃত্যু হয় তার তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।তার বন্ধুকে পাওয়া গেলে আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ বলছে, অভিনেত্রী হিমু ছিলেন ব্রোকেন ফ্যামিলির। তিনি তার এক পালিত ভাইকে নিয়ে উত্তরার ফ্ল্যাটে থাকতেন।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, বিকেলে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে।’
লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
