বিশ্বকাপ ২০২৩

বাবরের মধ্যে ম্যাচ জেতানোর সামর্থ্য দেখেন না আফ্রিদি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:০২ এএম

বাবর আজমের নেতৃত্ব নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর। এখন তো তার ব্যাটিংয়ের দিকেও তোলা হচ্ছে আঙুল। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি যেমন বললেন, ব্যাট হাতে বাবর পাকিস্তানকে জিতিয়ে ফিরবে, এমন সামর্থ্য তারকা এই ক্রিকেটারের আছে বলে মনে করেন না তিনি।

চলতি বিশ্বকাপে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে পাকিস্তান। যার পেছনে বাবরের কৌশলগত ভুলকে দায়ী করছেন অনেকেই।

অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলেছে বাবরের ব্যাটিংয়ে। বিশ্বকাপ সাত ম্যাচ খেলে ২১৬ রান করেছেন তিনি। যদিও ফিফটি করেছেন তিনটি, কিন্তু সেই তিন ম্যাচে জয়ের দেখা পায়নি পাকিস্তান। তাতে হতাশা প্রকাশ করেছেন আফ্রিদি।

সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার মনে করেন, বাবরের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই, 'বাবর আজমের রান করা এক জিনিস, আর তার রানে ম্যাচ জেতা ভিন্ন জিনিস। বিরাট কোহলি, লোকেশ রাহুলরা কী করে? তারা নিজের রানও করে এবং নিজের দলকে জিতিয়েও আসে।'

তিনি আরও যোগ করেন 'আমি বাবরের ভক্ত। আমরা বলি বাবর বড় খেলোয়াড়। একবার সেই পর্যায়ে পৌঁছানোর পর পারফরম্যান্স ধরে রাখাটা বড় কঠিন। যখন বাবর ব্যাট করতে নামে, আমাদের সেই অনুভূতি আসা উচিত যে সে ম্যাচ জেতাবে। কিন্তু সেই অনুভূতি আসে না। আমরা জানি যে, সে ৫০-৬০ রান করবে। কিন্তু সেই আস্থা নেই যে, সে আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আনবে। '

সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে পাকিস্তান। এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে তাদের। সেজন্য বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত