দিল্লিতে দলের সঙ্গে লিটন

আজও ট্রেনিং করবে না সাকিবরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

একদিন বিশ্রাম শেষে আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ট্রেনিং করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সকালে আজকের ট্রেনিং সেশন বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট। নেটে ঘাম ঝড়ানোর চেয়ে হোটেলে বিশ্রামকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তবে আগামীকাল ও পরশু ট্রেনিং করে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ নভেম্বর খেলতে নামবেন সাকিব আল হাসানরা। এদিকে পারিবারিক প্রয়োজনে কলকাতা থেকে দেশে ফেরা লিটন দু'দিন ছুটি কাটিয়ে আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক ভারত টানা সাত ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে। বাকি আট দলেরই কমবেশি সম্ভাবনা আছে সেরা চারে যাওয়ার। যে লড়াইয়ে আছে ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কারও। তবে সেটা ভীষণ ক্ষীণ। বিশেষ করে শেষ ম্যাচে ভারতের কাছে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের হেরে লঙ্কানদের আত্মবিশ্বাস ঠেকেছে তলানীতে। সেমিফাইনালে লড়াইয়ে টিকতে হলে তাদের শেষ দুই ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর ম্যাচের সমীকরণও পক্ষে থাকতে হবে। তো, সেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেও খুব স্বস্তিতে নেই সাকিব বাহিনী। টানা হারে তাদের অবস্থা আরও শোচনীয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোন বিভাগেই সামর্থ্যের প্রমাণ রাখতে পারেনি দল। এক সঙ্গে পুরো দল ব্যর্থ হওয়ায় এখন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে এই বিশ্বকাপে বাংলাদেশকে সেরা আটে শেষ করতে হবে। আইসিসির নিয়ম অনুযায়ী সেরা সাত দল ও আয়োজক পাকিস্তানকে নিয়ে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এ মুহূর্তে ৭ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে আছে বাংলাদেশ। তাদের ঠিক নিচেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চার পয়েন্ট করে আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের। আর পাকিস্তান ও আফগানিস্তানের সংগ্রহ ৬ করে। বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারাতে পারে তবে তাদের সংগ্রহ হবে ছয়। সে ক্ষেত্রে সেটা আটে শেষ করার সুযোগ থাকবে। সেই কাজটা যে ভীষণ কঠিন সেটা একপ্রকার স্বীকার করে নিয়েছেন দলের ক্রিকেটাররা। নিজেদের ফিরে পেতে তাই নেটে গা গরমের চেয়ে হোটেল রুমেই বেশি সময় কাটাচ্ছেন তারা। এ মুহূর্তে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করাটাই বেশি জরুরী মনে করছে টিম ম্যানেজমেন্ট। মনযোগটা শেষ দুই ম্যাচে পুরোপুরি দিতে হবে, নইলে আরও বড় বিপর্যয় নেমে আসবে দেশের ক্রিকেটে। দলের ম্যানেজার রাবিদ ইমাম দেশ রূপান্তরকে জানান, 'সকালে ট্রেনিং বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামীকাল ও পরশু নির্ধারিত সময়েই ট্রেনিং হবে। দলের সবাই ভালো আছেন, বেশির ভাগ সময় হোটেলেই অবস্থান করছে সবাই।' আজ জুমা'এর নামাজ আদায় করতে অবশ্য টিম হোটেলের পাশার মসজিদে গিয়েছিলেন ক্রিকেটাররা। নামাজ পড়েই তারা ফিরে এসেছেন হোটেলে।

এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে সময় কাটাতে কলকাতা থেকে দু'দিনের ছুটি নিয়ে ঢাকায় ফিরেছিলেন ওপেনার লিটন কুমার দাস। এ রকম জরুরী প্রয়োজনে ছুটি নেয়ার চল আছে। তাই তার ছুটি পেতে সমস্যা হয়নি। আবার আজ দুপুরে দিল্লিতে এসে দলের সঙ্গে যুক্তও হয়েছেন। এর আগে দু'দিনের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন অধিনায়ক সাকিব। সেটা পারিবারিক প্রয়োজনে নয়, বরং শৈশবের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দু'টি সেশনে ব্যাটিং নিয়ে কাজ করতে গিয়েছিলেন। এটা নিয়ে অবশ্য ভালোই সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবকে। দলের সঙ্গে মুম্বাই থেকে কলকাতায় না গিয়ে হঠাৎ ঢাকায় ফিরেছিলেন সাকিব। দল হারের ধারায়। এ অবস্থায় দলকে রেখে অধিনায়কের কেবলমাত্র নিজের প্রয়োজনে দেশে ফেরাটা ভালো চোখে দেখেননি অনেকেই। শৈশবের মেন্টরের সঙ্গে আলাদাভাবে কাজ করার সুফল খুব একটা মেলেনি সাকিবের। দল কলকাতায় দু'ম্যাচেই হেরেছে দলের ব্যাটিং ব্যর্থতায়। সাকিব অবশ্য ৪৩ রানের একটা ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। তবে সেটা দলের সংগ্রহকে ভালো জায়গায় নিতে বড় কোন ভূমিকা পালন করেনি। বরং বড় ইনিংস খেলতে না পেরে শর্ট বলে ভুল শট খেলে উইকেট বিলিয়ে এসেছেন।

ভুল আসলে নিয়মিত করছেন অন্য ব্যাটসম্যানরাও। বিশ্বকাপের আগে আশা জাগিয়ে আসল সময় নিভে গেছেন বোলাররাও। তবে এ সব ভুল নিয়ে কোচদের সঙ্গে নেটে বেশি বেশি কাজ করার চেয়ে হোটেলে বিশ্রামকেই শ্রেয় মনে করছে বাংলাদেশ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত