ইমরান হাশমিকে সালমান

যতক্ষণ টাইগার মরেনি, ততক্ষণ টাইগার হারেনি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

সালমানভক্তদের সময় আর কাটছেই না। উন্মুখ হয়ে দিওয়ালির প্রতীক্ষা তাদের। কেননা, এই দিওয়ালিতেই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার'-এর সিক্যুয়াল 'টাইগার ৩'। আর এবার এ‌ই জুটির সঙ্গে যোগ হয়েছেন 'ভয়ঙ্কর ভিলেন' ইমরান হাশমি। অসাধারণ ডায়লগ, দুর্দান্ত সব অ্যাকশন-দৃশ্য, তিন সুপারস্টারের পাল্লাপাল্লি পারফরমেন্স নিয়ে এটা যে একটি এন্টারটেইনমেন্টের ফুল প্যাকেজ হতে যাচ্ছে- তাতে আর সন্দেহ করার কোনো সুযোগ নেই।

প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে আজ শুক্রবার ছবিটির নতুন প্রোমো অবমুক্ত করা হয়। প্রতিষ্ঠানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শুক্রবার মধ্যাহ্নে প্রোমোটি অবমুক্ত হয়। ৫০ সেকেন্ডের প্রোমোতে সালমান খানের মুখোমুখি হয়ে কাঁচাপাকা দাড়িওয়ালা ভিলেন ইমরান হাশমিকে বলতে শোনা যায়, পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম-নিশানা সে উঠিয়ে দেবে। এর পর ১০-১৫ সেকেন্ডের সুপার অ্যাকশন দৃশ্যের পর সালমান বলেন, সব ঠিক বলেছ তুমি, শুধু একটি কথা ভুলে গেছ। যতক্ষণ টাইগার মরেনি, ততক্ষণ টাইগার হারেনি।

ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর এই পঞ্চম ছবিটি নির্মাণে ৩০০ কোটি রুপি খরচ করেছে প্রতিষ্ঠানটি। ছবিটির শব্দ ও সংগীতসৃষ্টির দায়িত্ব সামলেছেন প্রীতম।

ভারতে এই দিওয়ালিতে ১২ নভেম্বর রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আকাঙ্ক্ষিত 'টাইগার ৩'। ছবিটি পরিচালনা করেছেন মণীশ শর্মা এবং যশ রাজ ফিল্মসের পক্ষে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিটি হিন্দু, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। আর দর্শকরা টিকেট কাটতে পারবেন আগামী ৫ নভেম্বর থেকে। আর একটি তথ্য, ছবিটিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত