টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার পাকিস্তান নারী দলকে হারিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য এবার ওয়ানডে সিরিজ। শনিবার মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তার আগে শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক।
পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে জ্যোতি সমর্থনই দিলেন সাকিব-মুশফিকদের।
ক্রিকেটারদের খারাপ সময়ে তাদের পাশে থাকার কথাই বললেন নারী দলের অধিনায়ক, 'বাংলাদেশের হয়ে খেলছি বলে না, অবশ্যই আমি বাংলাদেশ দলের অনেক বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে আমি বলবো। যা-ই করতে যাচ্ছি আমরা, হয়তো আমাদের দিকে আসছে না। তার মানে এই না যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি না।'
'অনেকে অনেক কথা বলবে কিন্তু একজন ক্রিকেটার ও দলের সমর্থক হিসেবে এখন আমাদের উচিত সবাইকে তাদের পাশে থাকা। তাদেরকে সমর্থন দেওয়া ও ইতিবাচক ভাইব তৈরি করা, কারণ এখনও দুইটা ম্যাচ আছে আমাদের', যোগ করেন জ্যোতি।
এমন অবস্থায় নারীদের সিরিজে পাকিস্তানকে হারিয়ে সব আলো নিজেদের দিকে আনতে চান কিনা- প্রশ্নে জ্যোতি বলেন, 'এখানে লাইমলাইট নেওয়ার মতো আমি কিছু দেখছি না। কারণ আমরা আমাদের অবস্থান থেকে তারা তাদের অবস্থান থেকে খেলছে; কিন্তু দিনশেষে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি।'
সবারই খারাপ দিন আসতে পারে মন্তব্য করে জ্যোতি বলেন, 'সবথেকে বড় কথা উনারা ভালো করছে না, এখন আমরা ভালো করলে খুব হাইলাইটেট হবো এটা কোনোদিনও কাম্য না। ছেলে এবং মেয়েদের ক্রিকেট যতই বলেন না কেন, দিন ভালো-খারাপ আসতে পারে। আমার চাই আমাদের ক্রিকেট আমাদের মতো করে হাইলাইট করতে।'
