ইসরায়েলে ও হামাসের লড়াই থামাতে যুদ্ধবিরতির আহ্বান না জানানোয় তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের আইনসভার বিরোধীদলীয় নেতা কেয়ার স্টার্মার। এ জন্য লেবার পার্টির এই নেতাকে পদত্যাগ করতে বলেছে তারই সতীর্থ দুই নেতা।
লেবার পার্টির ওই দুই নেতা হলেন আফ্রাসিয়াব আনেয়ার এবং আসজাদ মাহমুদ। তারা দুজনই গতকাল শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে কেয়ার স্টার্মারের পদত্যাগ দাবি করেন।
যুক্তরাজ্যসহ গোটা পশ্চিমা বিশ্বে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলতি যুদ্ধ নিয়ে রাজনৈতিক পরিসরে ব্যাপক বিতর্ক চলছে।
এ অবস্থায় লেবার পার্টির দুই কাউন্সিলর বলছেন, কেয়ার স্টার্মার চলতি সংঘাতে ‘মানবিক কারণে বিরতি’ দেওয়ার কথা বলেছেন, কিন্তু পূর্ণ ‘যুদ্ধবিরতির’ কথা বলেননি। এর মধ্য দিয়ে স্টার্মার লেবার পার্টির চিরাচরিত মূল্যবোধের বাইরে গেছেন।
