সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতার দায় এড়াতে পারবে না বিএনপি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ এএম

বিএনপি কখনো ২৮ অক্টোবরের সহিংসতার দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা এর আগে দেখেছি তাদের যেভাবে অনুমতি দেওয়া হয়েছে সেভাবে করেছে। কিন্তু ২৮ তারিখে সমাবেশের শুরু থেকেই তাদের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ শুরু করে। বিচারপতির বাসভবনে আক্রমণ করলে পুলিশ বাধা দেয়। তখনই পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার এই দায় বিএনপির কোনো নেতাকর্মী এড়াতে পারে না।’

গতকাল শুক্রবার রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তারা ২০১৪ ও ২০১৫ সালে যেমন একটা ভয়াল পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেটাই তারা করতে চাচ্ছে। ২৮ অক্টোবরের ঘটনায় সেদিন যারা ওইখানে নেতৃত্ব দিয়েছেন। যারা ওইখানে অবস্থান করেছেন। কেউ এর দায় অস্বীকার করতে পারবেন না। তারা দায় এড়াতে পারবেন না। তারা স্টেজে বসা এবং ঘটনাগুলো ঘটছিল তাদের সম্মুখে। পুলিশের তদন্তে তারা যদি নির্দোষ হয় তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।’

আসাদুজ্জামান বলেন, ‘আমাদের নারী কর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ করা হয়। পুলিশ রক্ষা করতে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। এরপর তারা একের পর এক নৃশংসতা করে চলছিল।’ তিনি বলেন, পুলিশ সদস্যকে হত্যা করা হয়। সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। পুলিশ হাসপাতালে হামলা করে অ্যাম্বুলেন্সে আগুনসহ অন্যান্য গাড়িতে ভাঙচুর করা হয়। সেদিনের হামলায় একজন পুলিশ সদস্য মারা গেছেন, আরেক সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এসব অরাজক পরিস্থিতির ভিডিওতে যাদের পাওয়া যাচ্ছে তাদের শনাক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সড়কে অনেক উন্নতমানের ক্যামেরা স্থাপন করেছিলাম, তারা সেদিন ক্যামেরাগুলোও নষ্ট করেছে। তারপরও আমাদের কাছে যথেষ্ট আলামত রয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

জাতীয় চার নেতার পলাতক খুনিদের গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের খুঁজে বেড়াচ্ছি। তার দুই চারটিকে ধরে আনা হয়েছে। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত আছে। যেসব দেশে তারা পালায়ন করেছেন বা অবস্থান করেছেন তাদেরও কিছু নিয়মকানুন আছে। তাদের আইডেন্টিফাই করে ওই দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশা করি, তাদের নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত