শরীফুল আটকের ঘটনায় কাল ভৈরবে হরতাল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

আজ শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে সাদাপোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পৌর বিএনপি।

আজ শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজি মো. শাহিন মিয়া।

তিনি আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি আগামীকালের হরতাল পালন করতে উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তার পাশে পৌর বিএনপির সদস্য সচিব ভিপি মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আল মামুনকে দেখা গেছে।

এদিকে হরতাল ঘোষণার সাথে ভৈরবের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

এর আগে, দলটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাতে আন্তনগর মহানগর ট্রেনে ঢাকা থেকে ভৈরব ফেরার পথে নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশনে আসার পর একদল সাদা পোশাকধারী ব্যক্তি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হককে আটক করে। পরে আজ শনিবার ভোরে শহরের কমলপুর এলাকার নিজ বাড়ি থেকে অপর যুগ্ম আহ্বায়ক মো. নূরুজ্জামানকে আটক করে। সকাল সাড়ে ৭টার দিকে নূরুজ্জামান মিয়ার ভাগ্নি-জামাই মাজাহারের বাড়ি থেকে মো. শরীফুল আলম, তার গাড়িচালক রতন মিয়া এবং বাড়ির মালিক মাজাহারকে আটক করে নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিভিন্ন গণমাধ্যমকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত