বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘টাইগার ৩’ 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জাওয়ান’ ছবির পর এবার বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া চলছে সালমান খানের ‘টাইগার ৩’-এর। আগামী ১২ নভেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তির সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।

তবে এবার আর অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নয়, বাংলাদেশে ‘টাইগার ৩’ আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে গেল সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

ইতিমধ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে নিশ্চিত করে দেশ রূপান্তরকে আব্দুল আজিজ বলেন, গত সপ্তাহে আমরা ‘টাইগার ৩’ বাংলাদেশে আমদানি করার অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। মন্ত্রণালয় আমাদেরকে অনুমতি দিয়েছে। আগামীকাল আমরা তথ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়ে যাব এবং বৃহস্পতিবারের মধ্যে ছবি সেন্সরে জমা দেব।

 

সালমান খান

তিনি জানান, একইদিনে ছবিটি মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু অনুমতি পেয়ে গেছেন তাই আর কোনো বাধা নেই বলেও জানান।

ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এর সিনেমার মাধ্যমে ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। বিশেষ ক্যামিও চরিত্রে হাজির হবেন ‘পাঠান’ শাহরুখ খান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত