এনসিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ দিনে জয়ের জন্য বরিশালকে করতে হবে ৩৩৪ রান। তাদের হাতে আছে ৮ উইকেট। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি বঞ্চিত হন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল প্রথম ইনিংসে করেছিলেন ৮১ রান। দ্বিতীয় ইনিংসে আউট হন ৮৪ রানে। ১৩৭ বলের ইনিংসে মুমিনুল মাত্র চারটি বাউন্ডারি মারেন। ২০৪ মিনিট ছিলেন ক্রিজে। প্রথম ইনিংসে চট্টগ্রামের ২৯৮ রানের জবাবে বরিশাল করেছিল ২০০ রান। এর আগে রাজশাহীর বিপক্ষে করেছিলেন ৮৮ রান। তার আগে খুলনা বিভাগের সঙ্গে ৪৬ ও ০ আরেক ম্যাচে বরিশালের সঙ্গে করেছিলেন ৯৪ ও ২১ রান। বারবার সেঞ্চুরির কাছে গিয়েও তা করতে পারছেন না মুমিনুল।
ঢাকা মেট্রো ও সিলেটের ম্যাচটি এগোচ্ছে ড্রয়ের দিকে। নাঈম ও সাদমানের রেকর্ড জুটিতে ঢাকা মেট্রো প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৬ উইকেটে ৬০১ রানে। গতকাল তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সিলেট করে ৩৪৮/৬। সেঞ্চুরি করেছেন শামসুর রহমান খান (১০১)।
