প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ রবিবার সৌদি আরবে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১টা ১০মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ১০মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ছেড়ে যায়। প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আছরের নামাজের পর ফাতেহা পাঠ করবেন।
শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ এবং ভাষণ দেবেন।
ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
শেখ হাসিনা ৭ নভেম্বর মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন। সেখানে তিনি মসজিদুল হারামে (কাবা শরীফ) নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।
