কুমিল্লার লাকসামে ফুল কুড়াতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে ১৯ মাস বয়সী আরিফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ইউপির নরপাটি গ্রামের জাকির হোসেন পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই শিশু গাইবান্ধা জেলার রুপার বাজার এলাকার আলী আকবর ছোট মেয়ে।
লাকসাম পূর্ব ইউপির আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ও নরপাটি ওয়ার্ড সদস্য বাবুল শিশু আরিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরে দিকে বাড়ির খোলা জায়গায় আরিফাসহ তিন-চারজন শিশু খেলা করছিল। পাশে ছিল মুখ খোলা সেপটিক ট্যাংকের উপরে পড়ে থাকা কয়েকটি জবা ফুল। এ সময় ফুল কুড়াতে গিয়ে ময়লার সেপটিক ট্যাংকে পড়ে যায় আরিফা। শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফা মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক জাকির হোসেন পন্ডিত বলেন, সেপটিক ট্যাংকের দুটি মুখে ঢাকনা নষ্ট ছিল, সেগুলোর উপরে টিন দিয়েছি। এমনকি দুই তিনদিনের মধ্যে ঠিক করতে মিস্তি আসার কথা ছিল।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ পাইনি। তারপরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
