শাহজাদপুরে আগুনে পুড়ল আওয়ামী লীগ অফিস

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৮ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে লাগা আগুনে টিনশেড অফিস ঘরের চাল, ৬টি সিলিং ফ্যান, ১০০টি চেয়ার ও মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাবিবুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ করেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শনিবার রাত আড়াইটার দিকে নগরডালা-বাদলবাড়ি সড়কের কুমির গোয়ালিয়া হিন্দুপাড়ার ত্রি-রাস্তার মোড়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মাজেদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত দেশব্যাপী যে অগ্নিসন্ত্রাস, খুন, নৈরাজ্য শুরু করেছে, তারই ধারাবাহিকতায় রাতের আঁধারে অগ্নিসংযোগ করে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, ‘বিএনপির আন্দোলনে ভয় পেয়ে আওয়ামী লীগের লোকজন নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। কিন্তু এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।’

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, ‘প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের পর বলা যাবে এটা নাশকতা বা অগ্নিসংযোগ কি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত