১২ দেশে পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:২৯ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন তালেবান কিংবা ইসলামি স্টেট (আইএস) যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইন প্ল্যাটফর্মে কর্মসূচি ঘোষণা শুরু করেছে। কার্যত অবরোধের নামে মানুষ ও গাড়ি-ঘোড়ার ওপর হামলা পরিচালনা করা, জ্বালিয়ে দেওয়াই তাদের কর্মসূচি, অন্য কোনো কিছু নয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদটি ‘ভুল’ উল্লেখ করে তিনি বলেন, ‘এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহি চাওয়া হবে।’

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অবশ্যই যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না। অবরোধের নামে মানুষ ও মানুষের সহায়-সম্পত্তির ওপর হামলা

পরিচালনা করা হচ্ছে, তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর মতো বিএনপির হাত থেকেও অ্যাম্বুলেন্স, হাসপাতাল কোনোটাই রেহাই পাচ্ছে না।’

গাজায় নির্মমতার বিরুদ্ধে সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে অথচ আজ পর্যন্ত বিএনপি-জামায়াত সেটি নিয়ে একটি শব্দ বলেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ হচ্ছে বিভিন্ন শহরে, লন্ডনে লাখো মানুষের সমাবেশ হচ্ছে, ইউরোপের বিভিন্ন শহরে সেখানকার সরকারের আদেশ অমান্য করে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হচ্ছে অর্থাৎ বর্বরতার বিপক্ষে সমাবেশ হচ্ছে। আর এখানে বিএনপি-জামায়াত এ নিয়ে একটি শব্দও বলেনি। বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা এখানে মানুষের ওপর হামলা পরিচালনা করছে অর্থাৎ এরা আর রাজনৈতিক দল নেই। বিএনপি এখন একটি চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই সন্ত্রাসীদের দমন করতে, খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। তারা ভেবেছে একের পর এক অবরোধ ডেকে দেশকে অস্থিতিশীল করবে! তারা খুব সহসাই দেখতে পাবে যে জনগণই তাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা জনগণের সঙ্গে থাকব। তারা এখন দেশ-বিদেশ থেকে নানা ধরনের গুজব রটানোতেও সক্রিয় হয়েছে। যারা গুজব রটাচ্ছে তাদেরও শনাক্ত করার কাজ চলছে। কেউ কেউ ভেবেছে বিদেশ থেকে গুজব রটিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করবে, কিন্তু বিদেশে যেখান থেকে গুজব রটানো হচ্ছে আমরা সেই দেশের আইনে সেখানে ব্যবস্থা গ্রহণও জোরদার করেছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে ৬৭ নাগরিকের বিবৃতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যে কেউ কারও মুক্তি চাইতেই পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত