প্রত্যাশার চাপ নিতেই পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল তারা, সেটা শেষ হয়ে গেছে আরও আগেই। বড় দল তো বটেই, নেদারল্যান্ডসের মত সহযোগী দেশের কাছেও হেরেছে বাংলাদেশ। দলের বড় ভরসা লিটন কুমার দাসও ব্যাট হাতে খুব বেশি ভূমিকা রাখতে পারেননি। কিছু বড় ইনিংস খেললেও তাতে খুব একটা কাজ হয়নি। শেষ দুই ম্যাচে ভালো কিছু করে দেখাতে চান এই ওপেনার।
এই দুই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাগ্য। সেটাও মাথায় আছে এই ড্যাশিং ওপেনারের। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে লিটন বলেন, ‘মানুষ মনে করে আমি ঠাণ্ডা ছেলে। আমার মনে হয় না আমি ঠাণ্ডা ছেলে। আমার মধ্যে আক্রমণাত্মক ভাব বা এমন সবকিছুই আছে। আমি আসলে জানি না (কেন বলে)। আমি নিজেকে অনুপ্রেরণা যোগাই একটা খারাপ ম্যাচের পর, নতুন দিন হিসেবে নেই। যখন সূর্য উঠে আরেকবার, এটা নতুন দিন, নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ। আমার সবসময় এমন মনে হয়। আমিও ছেলেদেরকে একই রকম মানসিকতা রাখতে বলি। যখন মাঠে যাবো, সবকিছুই আলাদা। আমাদের ক্ষুদাটা থাকতে হবে এরকম টুর্নামেন্টে খেলতে হলে। এটা আমি সবসময়ই বলি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য জয়ের এক বড় সুযোগ। একইসঙ্গে শীর্ষ আটে থাকার চ্যালেঞ্জ তো আছেই। সেই ম্যাচ নিয়েও বেশ সিরিয়াস লিটন, ‘ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাতেই আমরা ফোকাস করছি এবং নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাচ্ছি। আমরা নিজেদের ১০০ ভাগ ক্রিকেটটা খেলতে পারছি না এখন অবধি। প্রতিটা দিনই নতুন চ্যালেঞ্জ, আলাদা বোলার; আমার পরিকল্পনা আছে, সেটা এই উইকেটে কাজে লাগাতে পারলে সফল হবো। ’
ভক্ত সমর্থকদের নিয়ে লিটন বলেন, ‘সমর্থকরাই আমাদের শক্তি। আমাদের অনুপ্রেরণা যোগায়। কারণ আমরা যেখানেই খেলতে যাই, তারা সমর্থন দেয়। আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে, আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’
দিল্লিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
