শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে তাদের এই জয়ে সবচেয়ে বড় সুবিধাটা বোধহয় হয়েছে আফগানিস্তানের। আইসিসির এই টুর্নামেন্টে প্রথমবারের মতো যে খেলতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
ক্রিকেটে সময়টা বেশ ভালোই কাটছে আফগানদের। ভারত বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্স করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে তারা। ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডসকে হারিয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে।
স্বাগতিক পাকিস্তান ছাড়া ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল অংশ নেবে চ্যাম্পিয়নস ট্রফিতে। তাই ২০২৫ সালের এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা আগে থেকেই উজ্জ্বল ছিল আফগানিস্তানের। দিল্লিতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ উইকেটের জয়ে আফগানদের চ্যাম্পিয়নস লিগের টিকেট নিশ্চিত হয়ে গেছে।
আজ ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এরপর তাদের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে হলে দুটি ম্যাচই জিততে হবে তাদের। একটি করে জয়-পরাজয়ে থাকবে সম্ভাবনা, তখন অন্য দলের ফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য। তবে এই দুই ম্যাচ হেরে গেলেও চ্যাম্পিয়নস লিগে খেলবে এশিয়ার দলটি।
১৯৯৮ সালে প্রথম আয়োজিত হয় চ্যাম্পিয়নস ট্রফি। এরপর হয়েছে টুর্নামেন্টটির আরও ৭টি আসর, সবশেষ ২০১৭ সালে।
