ভারতের বেনারসে চলছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং। সিনেমাটিতে মিশা সওদাগরের অভিনয়ের কথা থাকলেও সেটি আর হচ্ছে না। ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে বাদ পড়েন এই অভিনেতা।
তবে পরিচালকের মতে, ‘এটাকে বাদ নয়, বরং স্থলাভিষিক্ত বলাই যুক্তিসঙ্গত। ভিসা জটিলতার কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
এই সিনেমা ছাড়াও তানিম রহমান অংশু পরিচালিত ‘খেলা হবে’ সিনেমায়ও অভিনয়ের কথা ছিল মিশা সওদাগরের। এবার তিনি সেই সিনেমাটিও করছেন না বলে জানালেন।
মিশা সওদাগর বলেন, ‘‘দরদ’ ও ‘খেলা হবে’ দুটি ছবিতেই আমার অভিনয়ের কথা ছিল। দুটি ছবিরই শুটিং হবে ভারতে। ভিসার জন্য প্রস্তুতি নেওয়াও শুরু হয়েছিল। অংশুকে ভিসার জন্য কাগজপত্র দিয়েছিলাম, ফলে সময় মতো আর ভিসা হয়ে ওঠেনি। এ কারণেই ছবিটি আর করা হচ্ছে না। অন্য কোনো কারণ নেই।’
তিনি জানান, এর মধ্যে তাকে যুক্তরাষ্ট্রে যেতে হবে। দেশটির নাগরিক হওয়ায় প্রতি বছরই তাকে সেখানে যেতে হয়। সময়টা কাছাকাছি হওয়ায় ভারত বাদ দিয়ে মার্কিন মুলুকে যেতে হবে এই অভিনেতাকে। সে কারণে অংশুর সিনেমাকেও ‘না’ করে দিয়েছেন মিশা।
