ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টার নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আবদুস সোবহান মিয়া নামের এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১১ টার দিকে কাউনিয়া-সান্তাহার রুটে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে দুর্ঘটনায় ডান হাত-পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।

নিহত সোবহান মিয়ার বাড়ি গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেন মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান। তিনি  বলেন, নিহত আবদুস সোবহান মিয়া চাকরি শেষে চুক্তিভিত্তিক মহিমাগঞ্জ স্টেশনের দায়িত্বে কর্মরত ছিলেন। আবদুস সোবহান গাইবান্ধা জেলা শহর থেকে প্রতিদিন  যাতায়াত করতেন। আজ স্টেশনের দায়িত্ব শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য যান। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে স্টেশন মাস্টার আবদুস সোবহান মিয়া দ্রুত ট্রেনে উঠতে যায়। এ সময় অসাবধানতাবশত তিনি  পা ফসকে প্ল্যাটফর্মের নিচে পড়ে ট্রেনের নিচে পড়েন।

এ সময় তার ডান হাত ও একটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন মাস্টার আবদুস সোবহানের মৃত্যুর বিষয়টি শুনেছি।  এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত