একতরফা নির্বাচনের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: জামায়াতে ইসলামী

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ‘অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, অতীতের মত ছলে বলে, কৌশলে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার এবারও ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, একতরফা নির্বাচনের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দল মত নির্বিশেষে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকার বিরোধী আন্দোলন চলমান রয়েছে। কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমন-পীড়ন অব্যাহত রেখেছে। নানা ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করে বিরোধীদলের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের জেলে বন্দি রেখে আন্দোলন দমনের ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে। বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করে একতরফা নির্বাচনের প্লট তৈরি করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। জালিম সরকারের নিষ্ঠুর ও অকথ্য নির্যাতনের শিকার মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে।’

সরকার বিরোধী সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল সচেতন দেশবাসীর উদ্দেশে বলেন, ‘সরকারের কোনো ধরনের পাতা ফাঁদে পা দেয়া যাবে না। সরকারের ষড়যন্ত্র সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে হবে এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত