সাভারে নিখোঁজের পর মাদ্রাসাছাত্রর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম

সাভারে নিখোঁজের তিন দিন পর রাকিব (৯) নামের এক মাদ্রাসাছাত্রর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সাভারের পৌর এলাকার কাতলাপুর মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার ওই শিশুর স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। নিহতের স্বজনদের দাবি, মুক্তিপণের টাকা না পেয়েই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

নিহত রাকিব স্থানীয় রিকশা গ্যারেজের মিস্ত্রি আব্দুর রহিমের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার ডাক্তার হামিদের বাড়িতে ভাড়া থাকতো।

নিহতের স্বজন ও থানা পুলিশ জানায়, গত শনিবার বিকেলের দিকে মাদ্রাসা পড়ুয়া শিশু রাকিব তার বাবার রিকশার গ্যারেজ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনেরা। পরে মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাতলাপুর মহল্লায় দুইটি বাড়ির চিপাগলি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত