বললেন উইলিয়ামসন

নিজেদের সেরাটা দেওয়াই হবে আমাদের লক্ষ্য

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের লিগ পর্বের শেষ ম্যাচে বড় নিয়ামক হয়ে উঠতে পারে আবহাওয়া। পূর্বাভাস জানাচ্ছে, চিন্নাস্বামীর আকাশ থাকতে পারে গোমড়ামুখো অবস্থায়। সঙ্গে বৃষ্টি ঝড়ার সম্ভাবনা প্রবল।

এ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘বৃষ্টির পূর্বাভাস এই ম্যাচে অনিশ্চয়তাপূর্ণ পরিবেশের জন্ম দিয়েছে। শেষ ম্যাচে নামার আগে পাকিস্তান ও আফগানিস্তানের মতো আট পয়েন্ট কিউইদের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে আছে কিউইরা।

উইলিয়ামসন বলেন, ‘এমন অনেক কিছু আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এবং আবহাওয়া তার মধ্যে একটি। এটা নিয়ে চিন্তা আসবেই,  কিন্তু দিনশেষে মনোযোগ থাকবে আমরা যেমন ক্রিকেট খেলতে চাই তার দিকে।’

নিউজিল্যান্ড শিবিরে সুখবর, ম্যাট হেনরি ছাড়া বাকি সবাই আছেন ম্যাচ খেলার উপযুক্ত অবস্থায়। তাই দুই ম্যাচ পরে লকি ফার্গুসনকে দেখা যেতে পারে একাদশে। কেন জানান, ‘লকি সুস্থ হয়ে উঠেছেন। ও থাকলে আমাদের বোলিং আক্রমণ আরো ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।’

প্রথম চার ম্যাচে জেতার পর পরের চার ম্যাচে টানা হার শঙ্কার মধ্যে ফেরে দিয়েছে কিউইদের সেমিতে থাকা। সেই প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ হেরেছি। তবে মোটা দাগে দেখলে আমরা ভালো ক্রিকেট খেলতে পেরেছি।’

সেমির টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে কিউইরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত