বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
