রপ্তানি বাণিজ্যে অনন্য অবদান রাখায় ৭৩ প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ ট্রফি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোকে ২০২০-২১ অর্থবছরের জন্য মনোনীত করে স্বীকৃতিস্বরূপ ট্রফি দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্যবসায়ীদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
স্বর্ণ ট্রফির মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ পেয়েছে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। তৈরি পোশাক (ওভেন) খাতে রপ্তানি ট্রফি পেয়েছে স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, নিটওয়্যার খাতে পেয়েছে ফ্ল্যামিংগো ফ্যাশনস লিমিটেড। সব ধরনের সুতা খাতে স্বর্ণ ট্রফি পেয়েছে বাদশা টেক্সটাইল লিমিটেড। টেক্সটাইল ফেব্রিকস খাতে পেয়েছে হা-মীম ডেনিম লিমিটেড। একইভাবে খাতওয়ারি ২৮টি প্রতিষ্ঠানকে স্বর্ণ ট্রফি দেওয়া হয়।
এরপর পোশাক খাতের (ওভেন) প্রতিষ্ঠান একেএম নিট ওয়্যারকে রৌপ্য ট্রফি দেওয়া হয়। ২৫টি প্রতিষ্ঠানকে রৌপ্য ট্রফি দেওয়া হয়।
এ ছাড়া ১৯টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়।
