বিশ্বকাপে প্রথমবার ছক্কার ৫০০

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

ক্রিকেটের সংস্করণ দিনকে দিন ছোট হচ্ছে। বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংখ্যা। তাতে যেন ছক্কা হয়ে গেছে বিনোদনের সহজলভ্য কোনো পণ্য। ভারত বিশ্বকাপে অনেক একপেশে ম্যাচের পাশাপাশি ছক্কার জয়জয়কারও ঘটছে ঠিকই।সর্বোচ্চ ছক্কার রেকর্ডে এবারের আসর আগেই ছাড়িয়ে গেছে বাকি সব আসরকে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোন আসরে ৫০০ ছক্কাও দেখে ফেলেছে ক্রিকেটবিশ্ব।

আট ম্যাচ বাকি থাকতেই, ২০২৩ বিশ্বকাপে ছক্কা সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০০। বুধবার পুনেতে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসেই ৫০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত বিশ্বকাপ। এর আগের সর্বোচ্চ ছয়টি আসরেই ৪০টির বেশি ম্যাচ হয়েছিল। তবে এবারের আসর ৪০তম ম্যাচে এসেই আগের সব আসরকে ছাড়িয়ে গেছে৷ গ্রুপ পর্বের ৪০তম ম্যাচ শেষে মোট ছক্কার সংখ্যা ৫১৪।

১৯৯৯ সালের বিশ্বকাপে ১৫৩ ছক্কা এসেছিল ৪২ ম্যাচে। এর আগের কোন আসরেই এর চেয়ে বেশি ছক্কা হয়নি। যত সময় পিছিয়ে যাওয়া হবে, তত ছক্কার মান যে কমবে তা তো বুঝতেই পারছেন। ১৯৯৯ বিশ্বকাপের পর থেকেই ছক্কার সংখ্যা বাড়তে শুরু করে প্রত্যেক আসরে।

২০০৩ সালের ছক্কা সংখ্যাকে ছাড়িয়ে যায় ২০০৭ বিশ্বকাপ। কিন্তু ২০১১ বিশ্বকাপ সে হিসেবে পিছিয়ে পড়লেও রানের ফোয়ারা ছোটানো ২০১৫ বিশ্বকাপ নতুন করে লিখতে থাকে ছক্কার রেকর্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আবার ছক্কার গ্রাফ নিম্নমুখী হয়ে পড়ে। ২০২৩ এ এসে উঠছে, উঠছেই শুধু!

এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২টি করে ছক্কা হাকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা। এছাড়া ডেভিড ওয়ার্নার ২০ ছক্কায় আছেন তালিকার তিন নম্বরে। বাংলাদেশ এবারের আসরে ছক্কা মেরেছে ৩৭টি। যার মধ্যে ১১টি ছক্কাই এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ৫টি ছক্কা মেরেছেন লিটন দাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত