সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১০টি সোনার বারসহ আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে স্থলবন্দরের বাশকল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভোমরা ইমিগ্রেশন এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা বাশকল এলাকায় কৌশলে অবস্থান নেয়। এ সময় বাইসাইকেলে বাশকল এলাকা পার হওয়ার সময়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৪১০ গ্রাম, যার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।
আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও জব্দকৃত সোনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।
