বিদ্যুৎ-পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০০ এএম

বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুটি সেবার দাম গ্রাহকের আয় ও এলাকা অনুযায়ী নির্ধারণের নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। পাশাপাশি সরকার অন্য যেসব খাতে ভর্তুকি দেয় সেগুলোও কমাতে বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বর্তমান মেয়াদে সরকারের শেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পমন্ত্রী বলেন, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সাবসিডি থেকে ভর্তুকি থেকে সরে আসতে হবে। বিদ্যুৎ ও পানি এই দুটি আমরা সর্বজনীন সবাই ব্যবহার করি। এই দুই সেবার ওপর দেওয়া সাবসিডির উপকার আমরা সবাই ভোগ করি। আমি মান্নানসহ সব মন্ত্রী কম দামে পানি পান, কম দামে বিদ্যুৎ পান এবং যে ক্লিনার তার আবাসিক এলাকায় বসবাস করেন, তিনিও বর্তমানে এ সুবিধা নিচ্ছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মনে করেন এটি সঙ্গত নয়। এটিকে আমরা এরিয়া ওয়াইজ, ইনকাম ওয়াইজ এবং ফ্যামিলি ওয়াইজ চার্জ বা দাম নির্ধারণ করতে হবে। যারা কাজ করেন, তাদের জন্য এ কথাগুলো।

সর্বজনীন পেনশন স্কিমকে আরও সোচ্চার করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সর্বজনীন স্কিম সম্পর্কে আরও সোচ্চার হতে বলেছেন। মানুষের কাছে এটি এখনো পরিষ্কার হয়নি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অন্য নির্দেশনার কথাও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, রাজধানীতে উচ্চ ভবন বানালে তা যেন এয়ার ফানেলের মধ্যে না পড়ে, মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য তহবিল গঠন করতে টোল আদায় করা এবং রাস্তার পাশে জলাধার রাখার বিষয়ে খেয়াল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সরকারপ্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত