বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার রাতে রাজধানীতে অন্তত সাতটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনের বাসে, এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের বাসে এবং রাত ৯টায় রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা পাম্পের উল্টো পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত ১০টা ২৫ মিনিটের দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত সাড়ে ১১টার দিকে প্রজাপতি পরিবহনের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ শুরু করে।
