বাবরকে আরও সুযোগ দিতে বললেন আর্থার

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

হতাশার বিশ্বকাপ কাটিয়েছে পাকিস্তান। বড় স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলটি গতকাল সবশেষ ম্যাচেও হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে। পঞ্চম স্থানে থেকে শেষ করেছে বৈশ্বিক আসর। দলটির এমন পারফরম্যান্সের পর বাবর আজমের অধিনায়ক থাকা নিয়ে উঠছে প্রশ্ন। কঠিন এই পরিস্থিতিতে বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট পরিচালক মিকি আর্থার।

পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়তে পারেন বাবর। তবে আর্থার মনে করেন, পরিণত হয়ে উঠতে বাবরের আরও সময়ের প্রয়োজন। ইংলিশদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিলে ভুল করা কোনো অপরাধ নয়।

শুধু নেতৃত্ব নয়, ব্যাটসম্যান বাবরও বিশ্বকাপে মেটাতে পারেনি পাকিস্তানের প্রত্যাশা। ব্যাট হাতে তিনি ছিলেন গড়পড়তা। চারটি অর্ধশতকে ৪০ গড় আর ৮২.৯০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২০, যা মোটেই বাবরসুলভ নয়। সব মিলিয়েই তাই বাবরের অধিনায়কত্ব নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্তই আসতে পারে।

এমন পরিস্থিতিতে আর্থার বলছেন বাবরকে আরও সুযোগ দিতে, ‘বাবরের পাশে আছি। বাবর তরুণ একজন ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবেও সে প্রতিদিন শিখছে। সে প্রতিনিয়ত বেড়ে উঠছে, তাকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সামনে এগোতে গেলে ভুল হবে। ভুল থেকে শিক্ষা নিলে ভুল করা অপরাধ নয়। দল হিসেবে আমরা অনেক ভুল করেছি, যদি দল এখান থেকে শিখতে পারে, তাহলে খুব ভালো দল হওয়ার সব উপাদানই এই দলে আছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত