নরসিংদীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জনসভা স্থল নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম।
আজ রবিবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা শুরুর কথা থাকলেও বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির কারণে দুপুর সাড়ে ১২ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এর আগে সকাল থেকেই জেলার নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, রবিবার সকাল ১০টায় জনসভাস্থল স্টেডিয়াম উন্মুক্ত করা হয়। দুই ঘণ্টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে উপজেলাগুলো থেকে আসা নেতাকর্মীরা মাঠের ভেতরে প্রবেশের সুযোগ পাননি। শেষ অবধি তারা মাঠের বাইরের বিভিন্ন কোণে ঠাঁই বসে পড়েছেন। নরসিংদীর স্টেডিয়াম মাঠের দিকে জনস্রোত ধাবিত হচ্ছে।
