বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে ভারতে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। দলের হতাশাজনক পারফরম্যান্সে আঙুল উঠছিল জস বাটলারের দিকে। ধারণা করা হচ্ছিল, ইংলিশ সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তবে বাটলারের ওপর এখনো আস্থা রেখেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে এই কিপার-ব্যাটসম্যানকেই দেওয়া হয়েছে অধিনায়কত্ব।
ইসিবি আজ আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। ওয়ানডে দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। অধিনায়ক বাটলারসহ জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপ দলে থাকা মাত্র ৬জন।
ক্যারিবিয়ান সফরে সুযোগ পাওয়া বিশ্বকাপ দলের বাকি পাঁচজন হলেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স। বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা মইন আলিকে ওয়ানডে দলের বাইরে রাখা হয়েছে। তবে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপ দলে থাকা রিস টপলি, ক্রিস ওকস, আদিল রাশিদরাও আছেন টি-টোয়েন্টি সিরিজের দলে।
অবসর ভেঙে করে বিশ্বকাপ খেলা বেন স্টোকস এখন ভুগছেন একরকম অনিশ্চয়তায়। হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত টেস্ট দল নিয়ে ভাবছেন তারকা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলি পোপ, জশ টং ও জন টার্নার। টেস্ট দলের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকেও নেওয়া হয়েছে ওয়ানডেতে। টি-টোয়েন্টিতেও রাখা হয়েছে দুই পেসার টং ও টার্নারকে।
দুই স্কোয়াডেই থাকা অন্যরা হলেন বাটলার, লিভিংস্টোন, কারান, অ্যাটকিনসন, ব্রুক ও রেহান আহমেদ। গত বছরের জুলাইয়ে সবশেষ খেলা টাইমাল মিলসকে ফেরানো হয়েছে দলে।
অ্যান্টিগায় ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হবে ৩ ও ৬ ডিসেম্বর। তৃতীয় ওয়ানডে হবে বার্বডোসে ৯ তারিখ। টি-টোয়েন্টি পাঁচটি মাঠ গড়াবে ১২, ১৪ ও ১৬, ১৯ ও ২১ ডিসেম্বর।
ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টং, জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
