‘শামীম ওসমানের কর্মীরা ঘরে ঘরে পাহাড়া দিবে’

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম

অবরোধের নামে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। রবিবার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। 

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে আমরা কিন্তু অনেক রক্ত দিয়েছি, আন্দোলন করেছি। আমরা কিন্তু মানুষ হত্যা করি নাই। বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে। আবারও দেশে অরাজগতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। এখন থেকে তাদেরকে প্রতিহত করব রাজপথে জবাব দিব। ওরা (বিএনপি-জামায়াত) যে হাত দিয়ে আগুন জ্বালাবে আমরা সেই হাত কেটে আগুনে নিক্ষিপ্ত করব। 

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে চায়। তারা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। আমরা পরিষ্কার করে বলতে চাই জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে শামীম ওসমানের কর্মীরা নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের ঘরের দরজায় গিয়ে পাহারা দিবে। জনগণকে রক্ষার দায়িত্ব আমাদের রয়েছে। আজকে যারা এখানে আছে তারা সবাই দলের ত্যাগী কর্মী। মরনকে আমরা ভয় পাই না। ৭৫ সালের পর থেকে আমরা মাঠে আছি। আমৃত্যু মাঠে থাকবো। এ দেশের মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই এবং আগামীতে একটি স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী পুতুল, মাসুদুর রহমান খসরু, রবিউল হোসেন, অ্যাড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, অ্যাড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত