ইংল্যান্ডের ময়নাতদন্ত

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন যিনি

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবার ভরাডুবি হয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে এসে তারা টুর্নামেন্ট শেষ করেছে তালিকার ৭ নম্বরে থেকে। তারা জয় পেয়েছে কেবল তিনটি ম্যাচে। গত ৮ বছরে ওয়ানডে ক্রিকেটে যারা বিপ্লব ঘটিয়েছে, তাদেরকে এবারও শিরোপার দাবিদার ভাবা হচ্ছিল। কিন্তু তাদেরই হয়েছে অধঃপতন।

ব্যর্থতার দায় পুরোপুরি খেলোয়াড়দের ওপর চাপিয়েছেন বেশিরভাগ বিশ্লেষকরা। তবে দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি সব দায় নিজের কাঁধে নিয়েছেন।

বাটলার–বেয়ারস্টোদের বাজে পারফরম্যান্সের ‘ময়নাতদন্ত’ করতে গত বুধবার ভারতে পৌঁছেছেন কি। কলকাতায় গতকাল পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনাসূচক জয়টি মাঠে বসেই দেখেছেন। আর আজ সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। অধিনায়ক বাটলার ও সাদা বলের প্রধান কোচ ম্যাথু মটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কি বলেছেন, ‘ভুলটা তাদের নয়। কাউকে যদি দোষারোপ করতে হয়, তাহলে আমাকে করুন।’

সব দায় কেন নিজের ওপর চাপালেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ৪৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার, ‘জস বাটলার ও ম্যাথু মটের সমালোচনা আমি করতে পারি না। তাদের প্রতি কঠোর হওয়াও ঠিক হবে না। কারণ, দল ৫০ ওভারের সংস্করণকে বেশি গুরুত্ব দেবে নাকি টেস্ট ও টি–টোয়েন্টিকে, এমন সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। আমি সব সময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে এসেছি। বিশ্বকাপের জন্য সেরা দলকে তাদের সঙ্গে প্রস্তুতির সুযোগ দিইনি।’

গত এক বছরে কোচ মট ও অধিনায়ক বাটলার পূর্ণশক্তির ওয়ানডে দল নিয়ে খেলতে পেরেছেন মাত্র একটি সিরিজে। সেটাও গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, যা বিশ্বকাপের আগে তাদের শেষ সিরিজ ছিল। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে পাঠিয়েছিল খর্বশক্তির দল। যেসব খেলোয়াড় তিন সংস্করণেই খেলে থাকেন, তাদের ওপর থেকে চাপ কমাতে গত এক বছরের বেশির ভাগ সময় শুধু টেস্ট খেলানো হয়েছে, ওয়ানডে ও টি–টোয়েন্টিতে দেওয়া হয়েছিল বিশ্রাম।

ওয়ানডে বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের পর্যাপ্ত ওয়ানডে খেলতে না দেওয়াও ইংল্যান্ডের ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন কি, ‘আমি অনেক ভুল করেছি। বিশেষ করে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বেশিই ভেবেছি। ভুল করার পরও ভেবেছিলাম এখানে (ভারতে) আসার পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে পড়ার পর আধুনিক ক্রিকেটকে বদলে দিয়েছে ইংল্যান্ড। গত ৮ বছরে ইংলিশরা জিতেছে সাদা বলের দুই সংস্করণেরই বিশ্বকাপ। বাজবল দিয়ে টেস্ট ক্রিকেটকেও নতুন মাত্রায় নিয়ে গেছে। এ সময়ে দলটি বিশ্বের যেখানেই খেলতে গেছে, কোনো না কোনো সিরিজ জিতে এসেছে। খালি হাতে ফিরতে হয়েছে শুধু ভারত থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত