কুড়িগ্রাম

হারাতে বসা গ্রামীণ খেলার আসর

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

কুড়িগ্রামে হয়ে গেল দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আসর। হারাতে বসা এসব খেলাধুলা দেখে যেমন উচ্ছ্বসিত হয়েছেন তেমনি সেগুলোকে টিকিয়ে রাখারও প্রেরণা পেয়েছেন স্থানীয়রা।

রবিবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে এসব খেলার আয়োজন করা হয়। ‘দুর্বার তারুণ্য বাংলাদেশ’-এর আয়োজনে এসব খেলায় সব বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল বিস্কুট দৌঁড়, হাড়িভাঙ্গা, বালিশ খেলা, সুঁই-সুতা, সাঁতার, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, পানিতে বালিশ খেলা ও যেমন খুশি তেমন সাজ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ডাক্তারপাড়া গ্রামে ভিড় জমাতে থাকে উৎসুক জনতা। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের আনাগোনায় মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এসব খেলা দেখতে এলাকার সববয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। সবাই যেন ফিরে গিয়েছিলেন শৈশবে।

খেলা দেখতে এসেছিলেন ৮০ বছরের বৃদ্ধ মো. মেহের জামাল। তিনি বলেন, অনেকদিন পর গ্রামীণ খেলা দেখে মনটা ভরে গেছে। আমরা একসময় এসব খেলাধুলা নিয়মিত করেছি। এখনকার ছেলেরা এসব খেলা আর খেলে না। তারা মোবাইল-টিভি নিয়েই ব্যস্ত। খেলাধুলা স্বাস্থ্যের জন্য যে কী উপকার তারা বুঝতে চায় না।

খেলায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ী ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন বলেন, গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে আধুনিকতার মাঝে। গ্রামীণ খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে শুধু স্থানীয়দের নয়, রাষ্ট্রকেও উদ্যোগ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত