ফিলিস্তিন নিয়ে বলার সময় গ্রেটা থুনবার্গকে বাধা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার তারুণ্যের প্রতীক হয়ে উঠেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গ্রেটা বরাবরই সভা-সমাবেশে বেশ সরব। গাজায় ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে তীব্র তার কণ্ঠস্বর। গত রবিবার নেদারল্যান্ডের আমস্টারডামে এক সমাবেশে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন তিনি। কিন্তু হুট করে এক ব্যক্তি মঞ্চে উঠে গ্রেটার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

ওই সময় গ্রেটা ও মঞ্চে উঠে আসা ব্যক্তির সাময়িক উত্তেজনার একটি ভিডিওসহ এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। তাতে দেখা যায়, গ্রেটা মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়িয়ে, তার সঙ্গে সমাবেশে আগতরা স্লোগান দিচ্ছেন ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ অর্থাৎ ফিলিস্তিনের মুক্তি আসবে। সেসময় হঠাৎ সবুজ জ্যাকেট পরা এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন, গ্রেটার হাত থেকে মাইক্রোফোন নিজের মুখের দিকে টেনে বলেন, ‘আমি এখানে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে এসেছি,কোনো রাজনৈতিক সমাবেশে নয়।’    

তবে সাথে সাথেই মঞ্চে থাকা গ্রেটার সহযোদ্ধা পরিবেশকর্মী ও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীরা ওই ব্যক্তিকে বাধা দেন এবং তাকে মঞ্চের কোণায় সরিয়ে নেন।   

বিবিসি বলছে, প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই স্লোগানকে ইহুদি গোষ্ঠীগুলো ইসরায়েলকে ধ্বংসের স্লোগান বলে মনে করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত