আগামীকাল থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:২৩ এএম

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার এক দিনের বিরতি দিয়ে এই কর্মসূচি পালিত হবে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে আগের কয়েক দফার অবরোধের মতো চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন গতকালও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকায় একটি বাসে, দিনাজপুরে ট্রাকে এবং নারায়ণগঞ্জে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এ দফার অবরোধে গত রবিবার থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়।

অন্যদিকে কয়েক দিনের ধারাবাহিকতায় নাশকতা ও নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন জায়গা থেকে নতুন করে আরও ৫৩ জনকে আটক করেছে। 

গতকালের ভার্চুয়াল ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৭০০ জনের বেশি নেতাকর্মীকে। এ ছাড়া আহত হয়েছেন ৫০ জনের বেশি নেতাকর্মী।’

বিএনপির পাশাপাশি বর্তমান সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরামসহ অন্যান্য রাজনৈতিক দল পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে একই কর্মসূচি ঘোষণা করেছে।

অবরোধ চলাকালে গতকাল সন্ধ্যায় রাজধানীর শনির আখড়া চৌরাস্তায় মৌমিতা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। আর নারায়ণগঞ্জে রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া দিনাজপুর শহরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে রেলপথের একটি সেতুতে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারে মাটিকাটা নদীর ওপরের সেতুতে এ ঘটনা ঘটে। অবরোধে গাড়িতে আগুন দেওয়ার সময় চার কিশোরকে আটকের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, গতকাল ছাত্রদল নেতা ছাড়াও যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া অনিবন্ধিত রাজনৈতিক দল জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারেকুল ইসলাম ভূঁইয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগে সরাসরি নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত তারেকুল।

গতকাল রাজধানীতে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে মালিবাগ হয়ে মৌচাক গিয়ে শেষ হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

চট্টগ্রামে গতকাল বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তারের কথা জানিয়েছে দলটি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩০) আটক করেছে কালীগঞ্জ থানা-পুলিশ।

নীলফামারীতে গতকাল জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি, জামায়াত ও ছাত্রদলের ৬ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত