৪ বছর আগের সেমিফাইনালের সঙ্গে এবার যে ভিন্নতা দেখছেন উইলিয়ামসন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছিল নিউজিল্যান্ড। ম্যানচেস্টারে চার বছর আগে রোহিত-কোহলিদের হারিয়ে ফাইনাল খেলেছিল কিউইরা। এবারও শেষ চারের লড়াইয়ে তাদের সামনে ভারত চ্যালেঞ্জ। তবে এবার সবকিছুই ভিন্ন বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওল্ড ট্র্যাফোর্ডে চার বছর আগের ওই সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল দুই দিনে। প্রথম দিন নিউজিল্যান্ড ৪৬.১ ওভার ব্যাটিং করার পর আর খেলা হয়নি। পরে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। ২৪০ রানের লক্ষ্য দিয়ে তারা ভারতকে হারিয়ে দিয়ে ১৮ রানে।

এবার সেরকম কিছুর সম্ভাবনা দেখছেন না উইলিয়ামসন। আর এই বিশ্বকাপ হচ্ছে ভারতে। ইংল্যান্ডের সঙ্গে এখানকার কন্ডিশনেরও অনেক পার্থক্য রয়েছে।

ভারতের বিপক্ষে সেমিফাইনাল হওয়ায় ৪ বছরের আগের লড়াইয়ের কথা বারবার আসছে। ওই ম্যাচে খেলা নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেলর আইসিসি কলামে কথা বলেছেন দুই দলের লড়াই নিয়ে। টেলরের কথার প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে আজ উইলিয়ামসনকেও করা হয় ২০১৯ সেমিফাইনাল নিয়ে প্রশ্ন।

নিউজিল্যান্ড অধিনায়ক তুলে ধরেন নিজের ভাবনা, 'আমার মনে হয় এবারের ম্যাচটি একটু ভিন্ন হবে। আবহাওয়ার দিকে তাকালে দুই দিনের বদলে একদিন খেলা হতে পারে। তবে এই পর্যায়ে আসতে দলগুলো অনেক পরিশ্রম করেছে...এটা দারুণ একটা উপলক্ষ। উভয় দলই তাদের সেরা ক্রিকেট খেলতে চায় এবং তাদের সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।'

ভারতের বিপক্ষে লড়াইটি চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন উইলিয়ামসন, 'আমরা জানি, এটা সত্যিই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তারা এমন একটি দল যারা খুব ভাল খেলছে। তবে আমরা এটাও জানি যে ফাইনালের সময় সবকিছু নতুন করে শুরু হয়। ওই দিন কোন দল কেমন করছে সেটাই মূল। তাই, দল হিসেবে আমাদের নিজেদের ক্রিকেটের দিকে মনোনিবেশ করতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাই সামনের চ্যালেঞ্জ নিয়ে আমরা রোমাঞ্চিত।'

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু ভারত-নিউজিল্যান্ড লড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত