নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক লিটন!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ হওয়ার দুই সপ্তাহ পরই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে তারা। সেই সিরিজে দেখা যাবে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। চোটের কারণে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসানও।

নিয়মিত অধিনায়কের না থাকাটাতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস করবেন কোন ক্রিকেটার?

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আসন্ন সিরিজটি নিয়ে আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে এমন প্রশ্নের জবাবে টিটু জানালেন সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।

টিটু বলেন, ‘সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, সেই পর্যন্ত সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন, এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’

এদিকে নতুন পেস বোলিং কোচ কবে নাগাদ আসবে বা কেউ নিশ্চিত হয়েছে কি না এমন প্রশ্নে টিটু বলেন, ‘পেস বোলিং কোচও হয়তো অন্তর্বর্তীকালীন কেউ থাকবেন। যেহেতু এখন তাৎক্ষণিক তো নতুন কোচ সম্ভব না। ২-১ দিনের মধ্যে নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচ কে হবেন সেটিও জেনে যাবেন।’

ইতোমধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্পিন নির্ভর সব তারকাদের নিয়েই ঢাকায় পা রাখবে তারা। দলে থাকছেন কেইন উইলিয়ামসন, রাচিন রাবিন্দ্ররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত