রাজনৈতিক সমঝোতা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে আজ নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল করবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল।
তিনি বলেছেন, ‘আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা হলে ১৫ নভেম্বর বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত শেষে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল হবে।’ গতকাল মঙ্গলবার বিকেলে পল্টনে দলটির কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাল বলেন, ‘একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়ে সমঝোতাবিহীন তফসিল ঘোষণা হলে নতুন করে দেশে সংকট তৈরি হবে এবং দেশ নিশ্চিত গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে তফসিল ঘোষণা করলে দলদাস হিসেবে চিহ্নিত হবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ইসি হাবিবুল আউয়াল কমিশন নির্বাচনের নামে জাতির সামনে আরেকটি তামাশার দ্বার উন্মোচন করতে চায়। কিন্তু জনগণ তা কোনোভাবেই মানবে না।’
