পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, ৪ বাসে আগুন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১১ এএম

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে পঞ্চম দফায় আজ বুধবার সকাল ৬টা থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে এ কথা জানানো হয়। আর অবরোধ শুরুর আগে গত কয়েক দফার মতো গতকাল রাতেও রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করে বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

অবরোধ শুরুর আগে গতকাল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বর বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই এলাকায় বেড়িবাঁধের দ্বীপনগরে রাত ১১টার দিকে শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। যানজটে আটকে থাকা দোতলা বাসটির সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়। আগুন লাগানোর এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।

তফসিল ঘোষণা বন্ধের দাবি জানিয়ে গতকালের ভার্চুয়াল ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘জনদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল ঘোষণার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করুন; আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন; তারপর তফসিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর।’

তিনি আরও বলেন, ‘ইসি যে তফসিল ঘোষণা করবে, সেই মোতাবেক বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।’

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে তাদের দলের ৪২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলা হয়েছে ১১টি, যাতে আসামি করা হয়েছে ১ হাজার ৩৫০ জনের বেশি নেতাকর্মীকে। আর আহত হয়েছেন ৩৫ জনের বেশি নেতাকর্মী।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধের সমর্থনে গতকাল দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় মিছিল ও সমাবেশে করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আজ বুধবার বিকেলে এবি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ডেকেছে আমার বাংলাদেশ পার্টি (এবি)। এ ছাড়া অবরোধের সমর্থনে রাজপথে থাকার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, গণ অধিকার পরিষদ, গণফোরামসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দল।  

র‌্যাব-ডিবি পরিচয়ে ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ : বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি ও সরকারি হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্যসচিব আহাদ হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। গতকাল ভোর ৪টার দিকে বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার বাসা থেকে তুলে নেওয়া হয় রনিকে। একই এলাকার অন্য একটি বাসা থেকে তুলে নেওয়া হয় আহাদকে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান করে ৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিন্টু কুমার বাদী হয়ে মামলাটি করেন।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন বরিশাল ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত