সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
এরই মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গত ১৫ নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ও ১৩ নভেম্বর বনানীর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ চিঠি পৌঁছে দেন পিটার হাস। তবে বিএনপির চিঠিটি কার কাছে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
চিঠি প্রসঙ্গে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছিলেন, পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী চিঠি প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের লেখা চিঠি হাতে পেয়েছি।
তবে এই চিঠি ঠিক কখন, কীভাবে পেয়েছেন এবং চিঠিতে কী লেখা আছে সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
