বিশ্বকাপে দারুণ এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। বৈশ্বিক আসরে সবচেয়ে বেশি ছক্কার কীর্তিটি এখন ভারত অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই রেকর্ডে নিজের করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।
৪৯ ছক্কা নিয়ে এতদিন সবার ওপরে ছিলেন ক্রিস গেইল। রোহিত এই ম্যাচ শুরু করেন ৪৭ ছক্কা নিয়ে। ম্যাচের প্রথম ছক্কাটি মারেন তিনি ট্রেন্ট বোল্টকে। ম্যাচের তৃতীয় ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারেন এক্সট্রা কাভারের ওপর দিয়ে।
পরের ওভারে তার ছক্কার শিকার টিম সাউদি। এরপর বোল্টের শর্ট বলে হুক করে বল গ্যালারিতে পাঠিয়ে পূর্ণ করেন ছক্কার ফিফটি। ছাড়িয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান গেইলকে।
বিশ্বকাপে ২৭ ইনিংসে রোহিতের ছক্কা এখন ৫১টি। গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ছিল ৩৪ ইনিংস ব্যাট করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি ছক্কা মারা রোহিত বড় ইনিংসের আভাস দিলেও ফিরে যান ফিফটি আগেই। করেন ২৯ বলে ৪৭ রান।
