ভারতের মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।
বুধবারের (১৫ নভেম্বর) এই নির্বাচনী সভায় প্রিয়াঙ্কা বলেন, ‘এই রকম প্রধানমন্ত্রী আগে কখনো কেউ দেখেননি, যিনি সারাক্ষণ নিজের পীড়ার কথাই বলে চলেছেন। কর্নাটকে গিয়ে দীর্ঘ তালিকা দিয়ে বলেছেন তাকে গালিগালাজ করা হচ্ছে। মধ্যপ্রদেশেও তাই বলছেন।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রিয়াঙ্কা বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু কেঁদেই চলেছেন। আপনারা সালমান খানের ‘তেরে নাম’ সিনেমাটি দেখেছিলেন? যেখানে সালমান শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কেঁদেই গিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদিও তেমন। আমি ভাবছি ওর জন্য একটা সিনেমা বানাতে বলব। নাম হবে ‘মেরে নাম’।
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ আগামী ১৭ নভেম্বর। বুধবার ছিল প্রচারের শেষ দিন। এদিন প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি বিজেপি এবং আরএসএস কর্মীদের জন্য খারাপ বোধ করেন। যেহেতু মোদি পুরো বিশ্বের বিশ্বাসঘাতক এবং কাপুরুষদের দলে নিয়েছেন।
