গার্মেন্ট শ্রমিক সংহতির ‘নিখোঁজ’ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাবুল হোসেন নিখোঁজ ছিলেন বলে তার পরিবার ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি জানিয়েছিল। পরে গতকাল বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাবুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাবুল হোসেনকে মঙ্গলবার গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়। এরপর রাত ১০টার দিকে তাকে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলায় বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে মামলাটি করা হয়।

বাবুল হোসেন মাগুরা সদর থানা এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এক বিবৃতিতে অবিলম্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে নিরাপদে সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ২৫ হাজার টাকা মজুরির জন্য পোশাকশ্রমিক আন্দোলনের অন্যতম নেতা এই বাবুল হোসেন। তিনি মঙ্গলবার রাত সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ। তিনি মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়ীতে সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সঙ্গে এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করতে আশুলিয়া অঞ্চল থেকে গাজীপুরের দিকে গিয়েছিলেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সর্বশেষ ফোনালাপে বলেছিলেন, তিনি একটি বাসে উঠেছেন। তারপর থেকে তার পরিবার এবং সংগঠন কারও সঙ্গে আর যোগাযোগ হয়নি।

বিবৃতিতে তাসলিমা আখতার বলেন, আটক করে, গুম করে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে। তিনি অবিলম্বে বাবুল হোসেনকে ফিরিয়ে দেওয়া ও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত