ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাত থেকে তারা সেখানে অবস্থান নেন। জেলা শহরের ইসলামপুর রোডে বিএনপির দলীয় কার্যালয় অবস্থিত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। বাইরে অবস্থান করছেন ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা, বিএনপি অধ্যুষিত রামপুর এলাকার বিভিন্ন পয়েন্টে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছেন। কারও কারও হাতে লাঠি ও দেশীয় অস্ত্র রয়েছে। মহাসড়কে নেতাকর্মীরা দলবেঁধে মোটরসাইকেলে ঘোরাফেরা করছেন।
শহরের ইসলামপুর রোড়ের ব্যবসায়ী আবু তালেব বলেন, ‘মঙ্গলবার রাত থেকে ওই এলাকায় অপরিচিত যুবকরা লাঠি হাতে গলির মুখগুলোতে দাঁড়িয়ে আছেন।
এ প্রসঙ্গে যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এখানে বিএনপির অফিস আছে বলে আমাদের জানা নেই। এটি ইসলামপুর রোড ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। অতীতে বিএনপি-জামায়াত এখানে অগ্নিসন্ত্রাস করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা ও স্বস্তি দেওয়ার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে আমরা জনগণের জানমাল রক্ষায় এখানে অবস্থান করছি। তিনি বলেন, বিএনপির অফিসে তালা আমরা দিইনি। এখানে কোথায় বিএনপির অফিস তা আমি জানি না। তারা কোনসময় কোনটি অফিস হিসেবে ব্যবহার করে সেটাও আমার জানা নেই।
এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, ফেনীর পুলিশ প্রশাসন ক্ষমতাসীনদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বসিয়েছেন। রাত থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে বসে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন। তারা আমাদের সঙ্গে কোনোভাবে একটি ঝামেলা করে গৃহযুদ্ধ লাগাতে চায়। বাস্তবতা হচ্ছে তারা রাজনীতি করে না।
